ক্রাইম রিপোর্টার: মো:আতিকুর রহমান
১২-০২-২০২৬:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (নির্বাচনের দিন) সকাল ৯টা ৩ মিনিটে তিনি গোদাগাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করেন। এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন বলেন, তিনি একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন। তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সর্বস্তরের জনগণের প্রতি শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “জনগণের অংশগ্রহণই গণতন্ত্রের মূল শক্তি। তাই আমি প্রত্যাশা করি, সবাই নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করবেন।”
এদিকে সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও প্রশাসনের কঠোর নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাজশাহী-১ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। তবে ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ নির্বাচনের সার্বিক পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে বলে স্থানীয়দের অভিমত। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
মন্তব্য