ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
২০-০২-২০২৬:
রাজশাহীর মোহনপুর উপজেলা এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম আবদুল্লাহ (২৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হুমায়ন কবিরের ছেলে।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটের দিকে। রাজশাহী-নওগাঁ মহাসড়কর মোহনপুর সদর এলাকা অতিক্রম করে কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রাম সংলগ্ন স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আবদুল্লাহ ঢাকা মেট্রো ন-২১-২৬৭৫ নম্বরধারী একটি মিনি ট্রাকে করে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে ডিম পরিবহন করছিলেন। মহাসড়কের ওই অংশে পৌঁছালে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি। ফলে ট্রাকটি সড়কের বাম পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তারা আহত চালককে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কের এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত গতি, অসতর্ক চালনা এবং সড়কের কিছু অংশে অবকাঠামোগত ত্রুটির কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে তারা অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর দাবি জানিয়ে আসছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্ঘটনা প্রতিরোধে চালকদের আরও সচেতনতা বৃদ্ধি এবং সড়কের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি।
মন্তব্য